বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুন, ২০২৪, ০৩:৫৯ এ এম

অনলাইন সংস্করণ

মাদক নিয়ে পার্টি, অভিনেত্রী হেমা গ্রেপ্তার

অভিনেত্রী হেমা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী হেমাকে বেঙ্গালুরুর রেভ পার্টির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ জুন) তাকে গ্রেপ্তার করে ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, প্রাথমিকভাবে বেঙ্গালুরু রেভ পার্টিতে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন অভিনেত্রী হেমা। তবে তার রক্ত পরীক্ষায় মাদক পাওয়ার পর তাকে-সহ আটজনকে শুনানির জন্য নোটিশ পাঠিয়েছিল পুলিশের অপরাধ দমন শাখা।

এদিকে সোমবার (৩ মে) শুনানিতে এই ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে বেঙ্গালুরু পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পরিচয় ঢাকতে শুনানিতে বোরকা পরে উপস্থিত হয়েছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হয়নি ক্রাইম ব্রাঞ্চ। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

এফআইআর অনুযায়ী, বেঙ্গালুরুর ইলেকট্রনিক্স সিটির কাছে বিশাল একটি রেভ পার্টির আয়োজন করা হয়েছিল। রেভ পার্টি হচ্ছে মূলত যে পার্টিগুলোতে নিষিদ্ধ মাদক সেবন করা হয়।

পুলিশ জানিয়েছে, পার্টিতে ৭৩ জন পুরুষ ও ৩০ জন নারী ছিলেন। এদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ২৭ জন নারীর রক্তের নমুনায় মাদক পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, সামগ্রিকভাবে ওই রেভ পার্টিতে উপস্থিত ১০৩ জনের মধ্যে ৮৬ জনের শরীরেই মাদক পাওয়া গেছে। আর তাদেরই একজন তেলেগু অভিনেত্রী হেমা। এছাড়াও রয়েছেন তেলেগু অভিনেতা আশি রায়।

এ বিষয়ে বেঙ্গালুরু শহরের পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন, গত ১৯ মে রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইলেকট্রনিক্স সিটির কাছে ওই খামারবাড়িতে অভিযান চালায় পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সেখানে ১৮ মে বিকেল থেকে ১৯ মে ভোর ৬টা পর্যন্ত পার্টি হয়েছে। ভাসু নামে হায়দরাবাদের এক ব্যক্তির জন্মদিন উপলক্ষেই মূলত ওই পার্টির আয়োজন। অভিযানে কিছু মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। আর পার্টিতে অংশ নেয়া সবার নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

 

মন্তব্য করুন