প্রকাশিত: ১১ মে, ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
‘আমার দেহখান’ গাইতে গাইতে আর মঞ্চে এসে দাঁড়াবেন না ব্যান্ডটির গায়ক আহসান তানভীর পিয়াল। কেননা তার নিথর দেহ উদ্ধার করা হয়েছে সড়ক থেকে। ব্যান্ডটির বাকি সদস্যরাও মারাত্মকভাবে আহত হন।
আজ শনিবার সকালে দুঃস্বপ্ন হয়ে ধরা দিয়েছে ‘অড সিগনেচার’ ব্যান্ডের অনুরাগীদের জন্য।
ব্যান্ডটির ফেসবুক পেজ থেকে বলা হয়েছে, ‘সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে অড সিগ্নেচারের গাড়ি মারাত্মক দূর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয়। ড্রাইভার সাহেব সালাম আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দূর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।’
শনিবার (১১ মে) ভোরে পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নরসিংদীতে বাসের সঙ্গে অড সিগনেচারের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পিয়াল ও সালাম।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা এক মাইক্রোবাস পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে সড়কের চৈতাব এলাকায় পৌঁছলে ঢাকা অভিমুখী হানিফ পরিবহনের এক যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম ও পিয়াল নামের এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন মাইক্রোবাসে থাকা অন্য ৩ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি চলে যায়। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি পালিয়ে যাওয়ার সময় ভুলতা থেকে হাইওয়ে থানা পুলিশ আটক করে।
অড সিগনেচার তরুণ প্রজন্মের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া একটি ব্যান্ড। ২০১৭ সালে এর আত্মপ্রকাশ। শ্রোতাদের কাছে গল্প ভিত্তিক গানের কারণে জনপ্রিয় দলটি। ব্যান্ডটির গানগুলোর মধ্যে ঘুম, আমার দেহখান, দুঃস্বপ্ন অন্যতম।
মন্তব্য করুন