প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১০:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, সাংবাদিকদের জন্য আসছে অনলাইন ডাটাবেজ

স্টাফ রিপোর্টার, জাহিদ হাসান
খুব দ্রুত দশম সংবাদপত্র মজুরি বোর্ড (ওয়েজবোর্ড) গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়নে বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ অনলাইন ডাটাবেজ তৈরির কাজ চলছে বলেও তিনি জানিয়েছেন।

রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে বিরোধী দলীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ-এর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম ওয়েজবোর্ড গেজেট আকারে প্রকাশিত হলেও আয়কর সংক্রান্ত মতবিরোধের কারণে তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমানে এ বিষয়ে একাধিক মামলা বিচারাধীন থাকায় বাস্তবায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি জানান, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন সংক্রান্ত ৬টি রিট বা সিভিল পিটিশন আদালতে বিচারাধীন রয়েছে। এসব আইনি জটিলতা নিরসনের পাশাপাশি দশম ওয়েজবোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার ‘সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল’ গঠন করেছে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, এই সেলের মাধ্যমে হুমকি, হামলা ও ডিজিটাল হয়রানির শিকার সাংবাদিকদের আইনি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে।

এছাড়া ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ এবং প্রকৃত সাংবাদিকদের সনাক্ত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি অনলাইন ডাটাবেজ তৈরির কাজ করছে, যেখানে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত তথ্য সংরক্ষণ করা হবে।

সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল অ্যাক্ট যুগোপযোগী করার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, অসুস্থ ও কর্মক্ষমতা হারানো সাংবাদিকদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত ১ হাজার ১১০ জন সাংবাদিক ও তাদের পরিবার অনুদান পেয়েছে।

তিনি আরও জানান, সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে এবং ২০২৬ সালের রমজানে ২ হাজার সাংবাদিক পরিবারকে ইফতার ও ঈদ উপহার দেওয়া হয়েছে।

টেলিভিশন সম্প্রচার পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৪টি সরকারি টিভি চ্যানেল রয়েছে। অনুমোদিত ৫৫টি বেসরকারি টিভি চ্যানেলের মধ্যে ৩৭টি সম্প্রচারে রয়েছে, তবে নতুন কোনো টিভি চ্যানেলের অনুমোদন বর্তমানে প্রক্রিয়াধীন নয়।

সরকার সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে বহুমুখী উদ্যোগ নিচ্ছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

মন্তব্য করুন