প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ০১:৩১ পিএম

অনলাইন সংস্করণ

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিজনেস ফাইল প্রতিবেদক
সারা দেশে আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, প্রতি উপজেলার দুটি করে প্রাথমিক বিদ্যালয়ে এই পাইলট কার্যক্রম শুরু করা হবে।
বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
মাহদি আমিন বলেন, পাইলট আকারে কার্যক্রমটি শুরু হচ্ছে। প্রথম শ্রেণি থেকে প্রাথমিকভাবে শুরু হচ্ছে এবং প্রতি উপজেলায় দুটি করে স্কুলে দেওয়া হবে। স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। প্রথম মাসে অন্তত এক লাখ শিক্ষার্থীর মাঝে ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্য।
তিনি জানান, তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে প্রান্তিক এলাকা পর্যন্ত দেশীয় উৎপাদিত পণ্য পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে। এ ক্ষেত্রে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের অধিবেশনে জানিয়েছিলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। নির্বাচনি ইশতেহারে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ব্যক্ত করা হয়েছে। সে আলোকে শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
ইশতেহারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, সে লক্ষ্যে চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।

মন্তব্য করুন